ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাবের

চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাবের
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১১:৫৯

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে ৫৬ দিনের মাথায় সরিয়ে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের পাঠদানসহ সব কার্যক্রম অচল হয়ে পড়েছে। টানা ১৫ দিনের অচলাবস্থায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে ফিরিয়ে আনার দাবিতে চুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এর ফলে পরীক্ষা, পাঠদানসহ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। ইতোমধ্যে অন্তত ছয় বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। বন্ধ রয়েছে ক্লাসও। এতে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম শিক্ষার্থীসহ সবার কথা সরাসরি শুনতেন। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তার যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ পেয়েছেন। চুয়েটের বাইরে থেকে উপাচার্য নিয়োগ, মাত্র ৫৬ দিনের মাথায় কোনো কারণ ছাড়াই অধ্যাপক সায়েমকে সরিয়ে দেওয়া এবং নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের অতীত কর্মকাণ্ড নিয়ে বিতর্ক থাকলেও তাকে নিয়োগ দেওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

ক্যাব নেতৃবৃন্দ বলেন,, নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম অনলাইনে দায়িত্ব নিলেও এখনো ক্যাম্পাসে যেতে পারেননি। অন্যদিকে, অধ্যাপক সায়েম বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থানকালে তাঁকে না জানিয়ে বা কোনো কারণ দর্শানো ছাড়াই সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি সম্মানজনক নয় বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মেধা ও জ্ঞানচর্চার পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে উদ্যোগ নিতে হবে। মেধাবীদের যোগ্য সম্মান ফিরিয়ে দিতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের গণ্ডি থেকে বের হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ও পেশিশক্তির পরিবর্তে জ্ঞানচর্চাকে অগ্রাধিকার দিতে হবে।

বিজ্ঞপ্তিতে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসসিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর ও যুব ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমানসহ অন্যরা স্বাক্ষর করেন।
 

আরও পড়ুন

×