লালমনিরহাটে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আটক ২
প্রতীকী ছবি
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৩:০৮
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই নুর ইসলাম ও তার লোকজনের হামলায় ছোট ভাই নুর মোহাম্মদের (৫২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় নুর ইসলাম ও শামিম বিন ইফতেখার বাবু নামে দুজনকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
রোববার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার নুর মোহাম্মদ ওরফে ঢাকাইয়ার সঙ্গে তার বড় ভাই নুর ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার বিকেলে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে আবারও দ্বন্দ্ব হয়। পরে সন্ধ্যায় একপর্যায়ে নুর ইসলাম ও তার লোকজনের সঙ্গে নুর মোহাম্মদের হাতাহাতি শুরু হয়। এ সময় নুর ইসলাম লাঠি দিয়ে ছোট ভাইয়ের বুকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।
পরে গুরুতর অবস্থায় তাকে স্থানীয়দের সহযোগিতায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রংপুরে নেওয়ার পথে নুর মোহাম্মদের মৃত্যু হয়।
নিহতের স্ত্রী পারভীন বেগম জানান, গুরুতর অবস্থায় নুর মোহাম্মদকে হাসপাতালে নেওয়ার সময় নুর ইসলামের লোকজন আবারও হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলায় নেওয়া হয়েছে।নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- জমি নিয়ে বিরোধ
- নিহত
- আটক
- লালমনিরহাট