পূর্বধলা সরকারি কলেজ
ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষে বিপক্ষে বিক্ষোভ, আগুন
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৩:৩১ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ১৩:৩৭
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতনের অপসারণ ও বিচার চেয়ে বিক্ষোভ করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। একই দিনে তাঁর পক্ষে বিক্ষোভ মিছিল করেছে আরেক পক্ষ। এর আগে শনিবার গভীর রাতে কলেজ অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল রোববার সকাল ১০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। পরে তারা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। তাদের অভিযোগ, পূর্বধলা সরকারি কলেজে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রতিবছর ফল বিপর্যয় ঘটলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফরম পূরণের টাকা নেওয়া হয়। সম্প্রতি অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে অধ্যক্ষ পদে নিয়োগের এক দিনের ব্যবধানে তাঁর বদলি ও পদায়ন বাতিলের ঘটনাকে তারা ষড়যন্ত্র বলে মনে করছেন।
তাদের আন্দোলন কর্মসূচিতে বাধা দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সমর্থন করে পাল্টা বিক্ষোভ মিছিল করেছে আরেকটি পক্ষ। তাদের দাবি, আনোয়ারুল হক রতন নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছেন এবং শিক্ষার্থীদের প্রতি তিনি সবসময় সদয় ছিলেন। তাই তাঁকেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে রাখার দাবি জানান তারা।
এর আগে শনিবার রাত ৩টার দিকে কলেজ অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দরজার কিছু অংশ কালচে হয়ে গেছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। কলেজের সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় কোনো ফুটেজও যাচাই করা সম্ভব হয়নি। পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন দেওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজ ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়। এর পর থেকে প্রায় আট বছর ধরে উপাধ্যক্ষ আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি অধ্যক্ষ নিয়োগ নিয়ে কলেজটিতে নতুন করে আলোচনা শুরু হয়। গত ২৭ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। তিনি ২৮ সেপ্টেম্বর মাউশিতে যোগদান করেন এবং ৩০ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে কলেজে গিয়ে দায়িত্ব বুঝে নেন। তবে যোগদানের একদিন পরই তাঁর বদলি ও পদায়ন সংক্রান্ত আদেশ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।
পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রুবায়েত খান শান্তর নেতৃত্বে নেতাকর্মীরা রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা মিছিল করেন।
কলেজের নৈশপ্রহরী মাফিজ উদ্দিন জানান, হেলমেট পরা দুই ব্যক্তি শনিবার রাতে দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তিনি এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে তিনি আগুন নেভান।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন বলেন, একটি গোষ্ঠী মিথ্যা অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে।