ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে অবরুদ্ধ পুলিশ, আটক ৩

মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে অবরুদ্ধ পুলিশ, আটক ৩
×

মো. ফারুক বিশ্বাস, রফিকুল বিশ্বাস ও রাশেদ খাঁ

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৩:৫৪ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ১৫:১০

সাতক্ষীরার তালা উপজেলায় মাদকের তথ্য দেওয়ায় এক গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে গিয়ে অবরুদ্ধ হয়েছে পুলিশ। এ সময় পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন হাজরাকাটি গ্রামের মৃত আপু বিশ্বাসের ছেলে মো. ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস এবং মোসলেম খাঁর ছেলে রাশেদ খাঁ।

স্থানীয়রা জানান, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সোহেল শেখ এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করে আসছিলেন। এর জেরে শনিবার রাতে হাজরাকাটি বাজারে একটি চায়ের দোকানের সামনে বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস ও হযরত সরদারসহ কয়েকজন মাদক কারবারি তার ওপর হামলা চালান। তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে গ্রাম পুলিশ সোহেল শেখ তালা থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে তালা থানার একটি দল অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হাজরাকাটি গ্রামে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় পুলিশ হযরত নামে এক অভিযুক্তকে আটক করে। তখন মাদক কারবারি ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করেন এবং তাদের কাছ থেকে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেন।

খবর পেয়ে তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যান। পরে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রাম পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ সেখানে গিয়েছিল। পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান ও মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×