ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিচার চেয়ে চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের অবস্থান

বিচার চেয়ে চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের অবস্থান
×

ছবি: সমকাল

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৭:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা। প্রতিবাদে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে চোখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ ক্যাম্পাসে কর্মরত অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা হামলায় জড়িতদের বিচার চেয়ে বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন।

এ ছাড়া হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে পৃথক পৃথক বিবৃতি দিয়েছে ইবির তিন সাংবাদিক সংগঠন। বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো, হেনস্তা করা কিংবা শারীরিকভাবে আক্রমণের অধিকার রাখে না।

তারা আরও বলেন, দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হামলা বা হয়রানি করা হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের। রাবির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
 

আরও পড়ুন

×