স্কুলছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
প্রতীকী ছবি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৭:৩৫
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) একটি বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রদলের এক নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যায় স্বরূপকাঠি সদর ইউনিয়নের অলঙ্কারকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইমাম হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি সদর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি।
এ ঘটনায় ইমাম হোসেন বাদী হয়ে একই গ্রামের সাকিব, তাঁর বড় ভাই মো. সাইফুল, বাবা মো. ওহাব আলী ও মো. খোকনের বিরুদ্ধে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ইমামের ভাষ্য, সাকিব প্রায় সময় দলবল নিয়ে অলঙ্কারকাঠি এম আর মাধ্যমিক বিদ্যালয় ছুটির সময় ঘোরাফেরা করে। তারা বাড়িফেরত মেয়েদের পথরোধ করে উত্ত্যক্ত করে। বিষয়টি তিনি কয়েকবার নিজে দেখেছেন। এ বিষয়ে রোববার বিকেলে সাকিবকে রাস্তায় সতর্ক করেন। এ সময় একটি থাপ্পড়ও দেন।
এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সাকিব। এদিন সন্ধ্যার পর সে ইমাম হোসেনকে বাড়ি থেকে ডেকে বিদ্যালয়ের কাছে নিয়ে যায়। সেখানে সাকিব, তার ভাই সাইফুল, বাবা ওহাব আলী ও খোকন লাঠি দিয়ে ইমামকে পেটাতে থাকেন। খবর পেয়ে স্বরূপকাঠি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান শান্ত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পথে রামদা দিয়ে সাকিব তাঁর মাথার পেছনে কোপ দেয়। এমনকি লোহার চেইন দিয়েও মারধর করে।
ছাত্রদল নেতা হাফিজুর রহমান শান্ত বলেন, সাকিবের বিরুদ্ধে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। ইমাম এসবের প্রতিবাদ করায় বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে মারধর করা হয়। তিনি খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পথে সাকিব রামদা দিয়ে ইমামের মাথার পেছনে আঘাত করে।
সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘শুনেছি ইমাম কোনো একটি বিষয় নিয়ে প্রতিবাদ করেছিল। এ ঘটনার জের ধরে রবিবার সন্ধ্যার পর সাকিব তাঁকে মারধর করেছে।’
লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন নেছারাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির হোসেন। তিনি বলেন, ‘শুনেছি সাকিব একটি মেয়েকে উত্ত্যক্ত করেছিল। ইমাম বিষয়টি নিয়ে তাকে সতর্ক করে একটি থাপ্পড় দেন। এর জেরে সাকিব, তার বড় ভাই সাইফুল, বাবা ওহাব আলী ও স্বজন খোকন তাকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিবাদীরা পলাতক।’
- বিষয় :
- পিরোজপুর
- কুপিয়ে জখম