নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ভবানীপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সাফল্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৭:৫৩ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ১৭:৫৬
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় ভবানীপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কলেজটির শিক্ষার্থীরা একাধিক পুরস্কার অর্জন করে। এর মধ্যে কবিতা আবৃত্তিতে ইসরাত জাহান প্রথম স্থান এবং রচনা প্রতিযোগিতায় আতকিয়া ফাইজা প্রথম স্থান অর্জন করেন।
এছাড়া নৃত্য প্রতিযোগিতায় অনিন্দিতা রায় মন্দিরা দ্বিতীয় স্থান, একক অভিনয়ে আফরিন আক্তার দ্বিতীয় স্থান এবং সংগীত প্রতিযোগিতায় ইসরাত জাহান তৃতীয় স্থান অর্জন করেন।
নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ভবানীপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের এই সাফল্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
কলেজের শরীরচর্চা শিক্ষক সৈয়দ মোহাম্মদ আলী বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটায়। নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।
ভবানীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একই সঙ্গে কলেজের পক্ষ থেকে এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আরও বেশি অংশগ্রহণে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- নজরুল বর্ষ
- প্রতিযোগিতা