জাল কাগজে ভোটার হতে গিয়ে ধরা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড
নুরুল আজিজ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৮:১২
কক্সবাজারের টেকনাফে জাল কাগজপত্র ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির জন্য ভোটার হওয়ার আবেদন করায় নুরুল আজিজ (২২) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত নুরুল আজিজ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মো. হাফেজের ছেলে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটার হওয়ার জন্য আবেদন করতে এসে নুরুল আজিজ নিজেকে হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা গ্রামের বাসিন্দা হিসেবে পরিচয় দেন। আবেদনপত্রে তার বাবার নাম মো. রশিদ ও মায়ের নাম নুর জাহান বেগম উল্লেখ করা হয়।
পরিচয়ের প্রমাণ হিসেবে তিনি সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর করা নাগরিকত্ব ও চারিত্রিক সনদ এবং জন্মনিবন্ধনের কাগজপত্র জমা দেন। তবে এসব কাগজপত্রে অসংগতি ও সন্দেহ দেখা দিলে নির্বাচন অফিসের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
পরে কাগজপত্র যাচাই-বাছাই করে তার প্রকৃত বাবার নাম মো. হাফেজ বলে নিশ্চিত হন কর্মকর্তারা। এতে অন্য একজনকে বাবা পরিচয় দিয়ে জাল কাগজপত্র তৈরি করে ভুয়া পরিচয়ে ভোটার হওয়ার চেষ্টা করার বিষয়টি ধরা পড়ে।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সালাউদ্দীন আল আজাদ বলেন, ‘অন্য একজনকে বাবা পরিচয় দিয়ে নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন তৈরি করে ওই যুবক ভোটার হওয়ার আবেদন করেন। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাই করে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
নুরুল আজিজ রোহিঙ্গা নাগরিক হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘সনদ ও জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে ওই যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি রোহিঙ্গা নাগরিক কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’