নানাবাড়ি বেড়াতে এসে খালে পড়ে শিশুর মৃত্যু
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৮:১৩
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পানিতে ডুবে আব্দুর রহমান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে আলাতুলি ইউনিয়নের রানিনগর বিলকন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুর রহমান শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আলমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুদিন আগে মায়ের সঙ্গে আলাতুলি ইউনিয়নের রানিনগর বিলকন্দি এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল শিশু আব্দুর রহমান। গতকাল সকালে সবার অলক্ষে খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশের খালের পানিতে পড়ে তলিয়ে যায় সে। বেশ কিছুক্ষণ তাকে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খাল থেকে তাঁকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে শিশুটির মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- পানিতে ডুবে মৃত্যু