ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

৪ মাসের শিশু চুরি করে ৪০ হাজার টাকায় বিক্রি করলেন মামা

৪ মাসের শিশু চুরি করে ৪০ হাজার টাকায় বিক্রি করলেন মামা
×

ফাইল ছবি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৮:২১

দিনাজপুরের পার্বতীপুরে ঘরের বাঁশের বেড়া কেটে চার মাস বয়সী মাহিন ইসলাম অনাসকে চুরির অভিযোগে তার আপন মামা জিয়ারুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার মোমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা মনিরা বেগম থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার একমাত্র ছেলে মাহিনকে নিয়ে বাবার বাড়ি চন্দ্রপুর গ্রামে বেড়াতে আসেন মনিরা। প্রতিদিনের মতো রোববার রাতে ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে ঘুম ভেঙে দেখেন, পাশে সন্তান নেই। পরে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে দেখতে পান, বাঁশের বেড়া কেটে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন স্থানে খোঁজ করেও শিশুটির সন্ধান না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন পরিবারের সদস্যরা।

পার্বতীপুর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক পিন্টু কুমার দাস বলেন, সন্দেহভাজন হিসেবে শিশুটির মামা জিয়ারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জিয়ারুল শিশুটিকে দিনাজপুর সদর উপজেলার নিউটাউন মাথাসাগর এলাকার মিলন নামের এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন বলে জানা গেছে। তবে মিলনকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশের ধারণা, মাদকের টাকা জোগাড় করতে জিয়ারুল শিশুটিকে চুরি করে বিক্রি করেছিলেন।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, এ ঘটনায় জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি ক্রয়কারী মিলনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×