সাংবাদিকদের ওপর হামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৮:২৮ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ১৯:১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। হামলার আগে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানের করেন ছাত্রদল নেতারা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়া এবং হামলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার বিষয়টি সামনে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করেন ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি হাসিবুল ইসলাম ও তার সহকারীরা। রাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলামকে মারধরের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন বলে জানা যায়। হাসিবুল তখন হকিস্টিক হাতে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের হাতে রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ দেশি বিভিন্ন অস্ত্র দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেন, 'আমরা ব্যর্থ, আমাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।'
শিক্ষার্থীরা জানান, হামলার আগে থেকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা ছিল। অস্ত্র নিয়ে প্রকাশ্যে অবস্থানের ঘটনা জানার পর যদি প্রশাসন ব্যবস্থা নিত, তাহলে হয়তো পরে হামলার ঘটনা ঘটত না।
হামলায় চার সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন পরে দোষীদের বিরুদ্ধে মামলা করার আশ্বাস দেয়। কিন্তু ঘটনার ১৪ ঘন্টা পার হলেও কোনো মামলা হয়নি।