ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সাংবাদিকদের ওপর হামলার পর সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ

সাংবাদিকদের ওপর হামলার পর সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ
×

ছবি- ভিডিও থেকে নেওয়া।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৮:৪৯ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ১৯:২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুছে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মী ও হল প্রাধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের বিরুদ্ধে। হামলার ঘটনায় নিজেদের দায় আড়াল করতেই গুরুত্বপূর্ণ আলামত মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম ও উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলীমের কাছে অভিযোগ জানিয়েছেন তারা। 
 
সাংবাদিকদের অভিযোগ, হামলার ঘটনার গুরুত্বপূর্ণ অংশ হলের সামনের সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে ওই ফুটেজ আর পাওয়া যায়নি। হামলার সঙ্গে সংশ্লিষ্টদের পরিচয় ও ঘটনার প্রকৃত চিত্র আড়াল করতেই ফুটেজ মুছে ফেলা হয়েছে বলে তারা দাবি করেন।

এদিকে বিষয়টি অস্বীকার করে শহীদ জিয়াউর রহমান হল প্রাধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, সংস্কার কাজ চলমান থাকায় তখন সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন ছিল। সেজন্য কোনো ফুটেজ নাই। ফুটেজ ডিলিট করার অভিযোগ পুরোপুরি মিথ্যা।

উপ-উপাচার্য (প্রশাসন) ড. আবদুল আলীম বলেন, তথ্যগুলো সংরক্ষিত আছে। অভিযোগ যে কেউ করতে পারে। ডকুমেন্টসের কোনো অভাব নেই। তদন্ত কমিটি যেখান থেকে তথ্য সংগ্রহ করার সেখান থেকে করছে।

সিসিটিভি ফুটেজ মুছে ফেলার বিষয় উপ-উপাচার্য এড়িয়ে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি বর্তমানে একটা পোগ্রামে আছি। এ বিষয়ে প্রো-ভিসি ও সংশ্লিষ্ট হলের প্রভোস্টের সঙ্গে কথা বলেন। যতদূর শুনেছি, কিছু ছাত্রদলীয় নেতাকর্মী জোর করে সিসিটিভির ফুটেজ নিয়ে গেছে। তাদের নিষেধ করা হলেও তারা তা শোনেনি।

আরও পড়ুন

×