রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: অজ্ঞাতনামা মামলা, গ্রেপ্তারে আলটিমেটাম
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ২০:৩৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে হল প্রশাসন। সোমবার মতিহার থানায় শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে হামলার ঘটনায় অজ্ঞাতনামা মামলা করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। এ জন্য মঙ্গলবার বিকেল চারটার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটামও দিয়েছেন সাংবাদিকেরা।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, ‘একটি অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। আমরা মামলাটি নিয়েছি। এ বিষয়ে কাজ শুরু হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
রাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ইরফান তামিম বলেন, হামলার ঘটনায় কারা জড়িত, তা নিয়ে কোনো অস্পষ্টতা নেই। ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। বিভিন্ন গণমাধ্যমেও হামলায় জড়িত ব্যক্তিদের নাম, পদবি ও পরিচয় প্রকাশিত হয়েছে। এরপরও অজ্ঞাতনামা মামলা করা অত্যন্ত হতাশাজনক।
ইরফান তামিম বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের নাম উল্লেখ করে মামলা করতে হবে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’
রাবি প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলাম ধ্রুবও অজ্ঞাতনামা মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, হামলার সব ফুটেজ তাদের কাছে রয়েছে এবং কারা এতে জড়িত, তা স্পষ্ট। ইতিমধ্যে তাদের নাম, পদবি ও পরিচয়সহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
আশিকুল ইসলাম ধ্রুব বলেন, ‘অজ্ঞাতনামা মামলা করার কোনো প্রশ্নই আসে না। আমাদের দাবি, হামলায় জড়িত প্রত্যেকের নাম উল্লেখ করে মামলা করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, মতিহার থানায় একটি মামলা হয়েছে। শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তিনি বলেন, ‘এর সঙ্গে যারা জড়িত, যদি প্রাথমিকভাবে এগুলো প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে রোববার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ ১০ জন আহত হন।