দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধ পান করে ১৭ শিক্ষার্থী হাসপাতালে
ছবি: সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ২০:৩৫
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার দুপুরে উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মাথা ঘোরা, পেটব্যথা ও খিঁচুনিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয় বলে শিক্ষক ও অভিভাবকরা জানান।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের দুধ বিতরণের সময় কয়েকটি প্যাকেটে ফুটো এবং কিছু প্যাকেটের দুধ দইয়ের মতো জমাট অবস্থায় দেখতে পান শিক্ষকরা। বিষয়টি প্রধান শিক্ষক ও স্কুল ফিডিংয়ের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তা মনোয়ার হোসেনকে জানানো হয়। পরে মনোয়ার হোসেন বিদ্যালয়ে এসে নিজে দুধ পান করেন এবং দুধে কোনো সমস্যা নেই বলে শিক্ষার্থীদের তা পান করতে বলেন।
এরপর দুধ পান করার প্রায় পাঁচ মিনিটের মধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি ছিল।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মনির হোসেন বলে, দুধ খাওয়ার পর মাথা ও পেটব্যথা শুরু হয়। একপর্যায়ে দাঁড়িয়ে থাকতে না পারায় হাসপাতালে আনা হয় আমাকে।
বিদ্যালয়ের শিক্ষক তসলিমা খাতুন বলেন, দুধ বিতরণের সময়ই প্যাকেটে ফুটো ও দইয়ের মতো জমাট অবস্থা দেখে তারা সংশ্লিষ্টদের জানান এবং দুধ বিতরণ না করার অনুরোধ করেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা নিজে দুধ পান করে শিক্ষার্থীদেরও তা পান করতে বলেন। এরপর শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. বিমন দেবনাথ বলেন, এখন পর্যন্ত ১৬-১৭ শিক্ষার্থী হাসপাতালে এসেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল এবং অনেকেই ভালো আছে। সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টি দেখেছি। দুধ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- শিক্ষার্থী
- হাসপাতালে ভর্তি