ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা
×

প্রতীকী ছবি

‎খুলনা ব্যুরো

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ২১:৪৫

‎খুলনার রূপসা উপজেলার জয় ঢালীকে (২৭) গুলি করে ও কুপিয়ে হত্যার ৫০তম দিনে বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনা ঘটে। ‎‎

‎‎পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আক্তার ঢালী মাগরিবের নামাজ শেষে মসজিদের পাশে একটি চায়ের দোকানের বেঞ্চে বসে স্থানীয়দের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে বেঞ্চের পাশে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুলিবিদ্ধ হন। কী কারণে এবং কারা গুলি করে হত্যা করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় দুর্জনীমহলের শহীদের মোড়ে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা নাসিমা বেগম বাদি হয়ে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, চলতি বছর খুলনা জেলার ৯টি থানায় ৩৫টি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এর মধ্যে রূপসায় উপজেলাতেই হয়েছে ১২টি।

আরও পড়ুন

×