ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
×

এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ২২:১৩

হবিগঞ্জের চুনারুঘাট থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঘুষ নিয়ে বিতর্কিত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মামলার তদন্তে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করে দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভিডিওতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি যদি বলি পুলিশে চাকরি করি কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মুকাররমের ইমাম সাহেব হব? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’

জানা গেছে, চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার দায়ের করা একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস। সেখানে উপস্থিত লোকজনের সামনে তিনি ওই বক্তব্য দেন। এক ব্যক্তি মোবাইল ফোনে তাঁর বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে তাঁর বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে। সূত্রের দাবি, চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলামকে এলাকার বড় ভাই পরিচয় দিয়ে থানাসহ তদন্তের এলাকায় প্রভাব বিস্তার করেন ইলিয়াস। ওসির নাম ব্যবহার করে অনিয়ম ও চাঁদাবাজি করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। 

তবে এসব অভিযোগের বিষয়ে এএসআই ইলিয়াসের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাব।’

আরও পড়ুন

×