নাটোরে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত
নাটোর সংবাদদাতা
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ২২:১৪ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ২২:২৩
নাটোরের নলডাঙ্গায় সৈয়দ আলী মৃধা (৪৯) নামের এক মুয়াজ্জিনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে ফজরের আজান দেওয়ার সময় উপজেলার চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
সৈয়দ আলী মৃধা চর বাঙালপাড়া এলাকার শাহাদ হোসেনের ছেলে।
প্রতিবেশী তুষার আহমেদ জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে মসজিদের মাইকে ফজরের আজান দিচ্ছিলেন সৈয়দ আলী মৃধা। হঠাৎ আজান বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা মসজিদে গিয়ে মুয়াজ্জিনকে রক্তাক্ত অবস্থায় ভেতরে পড়ে থাকতে দেখেন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চর বাঙালপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, সৈয়দ আলী মৃধা ভালো মানুষ। তার কোনো শত্রু আছে বলে জানা নেই। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান তিনি।
পিঁপরুল ইউনিয়নের সদস্য আমিরুল ইসলাম বলেন, ধারালো ছুরি দিয়ে সৈয়দ আলী মৃধার পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তার ধারণা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।