সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি প্রশাসনের তদন্ত কমিটি
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ২২:৫৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেট সদস্য ও প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম-২কে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক এস এম কামরুজ্জামান।
কমিটির অন্য সদস্যরা হলেন- দর্শন বিভাগের অধ্যাপক আরিফুল ইসলাম, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আসাদুল হক, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনিছুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কাজী মামুন হায়দার।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ কমিটি গঠন করে। কমিটিকে রোববার রাতের ঘটনার বিষয়ে তদন্ত করে উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।
এর আগে রোববার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় চার সাংবাদিকসহ দশজন আহত হন।
- বিষয় :
- রাবি
- সাংবাদিক
- তদন্ত কমিটি