অসহায়ত্ব থেকে রক্তদানের বাতিঘর
আনিচ মোল্যা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৮:০৬
| প্রিন্ট সংস্করণ
রক্তের জন্য মায়ের অসহায়ত্ব নিজের চোখে দেখেছিলেন। সেই কষ্টই বদলে দিয়েছে তাঁর জীবন। এখন কারও রক্তের প্রয়োজনের খবর পেলেই ছুটে যান রক্তদাতার সন্ধানে। নিজের পেশাগত দায়িত্বের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে দুই হাজারের বেশি মানুষের জন্য রক্তের ব্যবস্থা করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গার মো. আনিচ মোল্যা। নিজেও ১১ বার রক্ত দিয়েছেন। তাঁর এই মানবিক উদ্যোগের নাম ‘রক্তের সন্ধানে আলফাডাঙ্গা’।
উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের বাসিন্দা আনিচ মোল্যার রক্তদান কর্মকাণ্ডের শুরু ২০১৯ সালে। তবে তাঁর এই পথচলার পেছনে রয়েছে গভীর বেদনার এক গল্প। ক্যান্সারে আক্রান্ত ছিলেন আনিচের মা। অসুস্থ অবস্থায় নিয়মিত তাঁর রক্তের প্রয়োজন হতো। এ জন্য নানা মানুষের কাছে ছুটে বেড়াতে হয়েছে তাঁকে। কখনও রক্তদাতা পাওয়া গেছে, কখনও পাওয়া যায়নি। একদিকে মায়ের চিকিৎসার চিন্তা, অন্যদিকে রক্তের জন্য মানুষের দ্বারে দ্বারে ছুটে চলা। সেই সময়ের অসহায়ত্ব তাঁকে ভেতর থেকে নাড়া দেয়। পরে ২০২০ সালের জুন মাসে ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর মা মারা যান।
মায়ের মৃত্যুর আগে রক্ত সংগ্রহ করতে গিয়ে তিনি যে অসহায়ত্বের মুখোমুখি হয়েছিলেন, সেটিকেই শক্তিতে পরিণত করেন। চিন্তা করেন মুমূর্ষু রোগীর জন্য রক্ত না পেয়ে আর কাউকে যেন তাঁর মতো অসহায় হয়ে ছুটতে না হয়। সেই ভাবনা থেকেই ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে রক্তদাতার সন্ধান ও রক্তের ব্যবস্থা করার কাজ শুরু করেন তিনি। প্রথম দিকে পরিচিতজন, বন্ধু ও স্বজনের মাধ্যমে রক্তদাতা সংগ্রহ করতেন। ধীরে ধীরে তাঁর সঙ্গে যুক্ত হতে থাকেন স্বেচ্ছাসেবী ও রক্তদাতারা। পরে জরুরি সময়ে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ার উদ্যোগ নেন তিনি।
- বিষয় :
- অসহায় পরিবার