সৌদিতে হুতিদের হামলায় বাংলাদেশি যুবক নিহত
মো. সজীব হোসেন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৯:১১
| প্রিন্ট সংস্করণ
সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজীব হোসেন (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার হুতিদের ‘নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে’ তাঁর মৃত্যুর তথ্য গতকাল বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়।
সজীব হোসেনের পরিবার জানায়, সৌদি আরবে থাকা সজীবের বন্ধু আল আমিন গত রোববার ক্ষেপণাস্ত্র হামলায় তাঁর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। ২০২৩ সালে প্রথম সৌদি আরবে যান সজীব। তিনি দেশটির জুবাইল শহরে বাস করতেন। সজীবের মৃত্যুর খবরে তাঁর স্ত্রী মরিয়ম আক্তার মুর্ছা যাচ্ছেন। এই দম্পতির তিন বছর বয়সী সন্তান রয়েছে।
নিহতের চাচা আবুল কাশেম জানান, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পারিবারিকভাবে দাফনের জন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম বলেন, নিহতের পরিবার যোগাযোগ করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ আনতে সহযোগিতা করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক
সৌদি আরবে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করছে এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সজীবের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন জানায় তারা। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই তাঁর পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে।
- বিষয় :
- নিহত