তেঁতুলিয়া সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা ৭ তরুণের, আটক ৪
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় আটক চার তরুণ
পঞ্চগড় প্রতিনিধি ও তেঁতুলিয়া সংবাদদাতা
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৩:২৫ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ১৩:৩৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় চার তরুণকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে উপজেলার শারিয়ালজোত সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়। এ সময় বিজিবির ধাওয়ায় আরও তিনজন পালিয়ে যায়।
বিজিবি জানায়,ভোর পাঁচটার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শারিয়ালজোত বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল দেয়। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে সীমান্তের মেইন পিলার ৪৪০ এর ২৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে সাতজন বাংলাদেশি তরুণ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।
আটকরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার বড় ছেলে মো. সাব্বির হোসেন (১৫) ও তার ছোট ছেলে মো. রাহান (১৩) এবং কুমিল্লা জেলার নাসির নগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার মো জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)। কাজের সন্ধানে তারা ভারতে প্রবেশের চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, তারা ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। আমরা চারজনকে আটক করতে সক্ষম হয়েছি৷ তিনজন পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
তিনি জানান, সীমান্তে অবৈধ চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবি তৎপর রয়েছে। বিজিবির টহল দল ২৪ ঘণ্টা সীমান্তে নজরদারি রাখছে।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, চার তরুণকে আটক করে থানায় নিয়ে আসে বিজিবি। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- তেঁতুলিয়া
- ভারতে প্রবেশের চেষ্টা
- বিজিবি
- আটক