পাবনায় নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ
পাবনা অফিস ও সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৩:৩১ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ১৪:০০
পাবনার বেড়ায় নিখোঁজের এক দিন পর হলুদখেত থেকে সুপ্রভাত মোদক (৩৫) নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুপ্রভাত মোদক বেড়ার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মিস্ত্রিপাড়ার সত্য চন্দ্র মোদক ওরফে লেদু কুড়ীর ছেলে। তিনি উপজেলার কাশীনাথপুর ‘দাদাভাই’ খাবার হোটেল নামক একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
আজ মঙ্গলবার সকালে নিহতের বাড়ির পাশে একটি হলুদখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সুপ্রভাত ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে বের হয়ে যান। এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে আমিনপুর থানায় তারা লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর আমিনপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাতের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে। রাত ১২টার দিকে তার মোবাইল ফোনটি চালু পাওয়া যায়। একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে রাত ২টার দিকে আবারও তার ফোনে কল ঢুকলেও কোনো সাড়া মেলেনি এবং অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
এরপর আজ মঙ্গলবার সকালে বাড়ির পেছনের হলুদখেতে সুপ্রভাতের ক্ষতবিক্ষত ও পোড়া মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কীভাবে সুপ্রভাতের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
- বিষয় :
- পাবনা
- মরদেহ উদ্ধার