মাদক নিয়ে বিরোধের জেরে চাকু দিয়ে কুপিয়ে তরুণকে হত্যা
সাদ্দাম হোসেন
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৬:৫৫
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আকুয়া ভাংগারপুল এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে সাদ্দাম হোসেন নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তর (২৫) নামে আরেক তরুণকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন আকুয়া ভাংগাপুল এলাকার পান্নু মিয়ার ছেলে। অন্যদিকে আটক অন্তর একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অন্তরের কক্ষে যান সাদ্দাম। সেখানে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় অন্তর তার কাছে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অন্তরকে আটক করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- ছুরিকাঘাতে হত্যা