ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

চলনবিলে শিকার করা ৫০টি বক জবাই করে বস্তায় ভরে বিক্রি

চলনবিলে শিকার করা ৫০টি বক জবাই করে বস্তায় ভরে বিক্রি
×

ছবি: সমকাল

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৭:০৮

নাটোরের সিংড়ায় শিকার করা ৫০টি বক জবাই করে বিক্রির ঘটনায় তিন পাখি শিকারিকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জবাই করা পাখি বস্তায় ভরে গোপনে বিক্রির কাজে সহযোগিতা করায় আরও দুইজনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ডাহিয়া-টু-বিয়াস সড়কে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

দণ্ডপ্রাপ্ত তিন পাখি শিকারি হলেন- উপজেলার বিলপাকুরিয়া গ্রামের জনাব আলী (৩৮), কাহার (১৯) ও লিটন (৩০)। তাঁদের দুই মাস করে কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

পাখি শিকার ও বিক্রিতে সহযোগিতা করায় পারসিংড়া বেদেপল্লীর ভ্যানচালক আবু হানিফকে (৪০) সাত হাজার টাকা এবং বিলপাকুরিয়া গ্রামের অটোভ্যানচালক হোসেন আলীকে (২১) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে একটি চক্র পাখি শিকার করে বস্তায় ভরে সিংড়া পৌর শহরের পারসিংড়া বেদেপল্লীতে গোপনে বিক্রি করছিল। চক্রটি আবু হানিফ নামের এক ভ্যানচালককে এ কাজে ব্যবহার করছিল। মঙ্গলবার বস্তাভর্তি জবাই করা বকপাখি শিকারিদের কাছ থেকে ভ্যানে তোলার সময় তাঁদের আটক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, চলনবিল এলাকায় কিছু অসাধু ব্যক্তি নিয়মিত পাখি শিকার করে বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করা হয়। পরে আইন অনুযায়ী জেল-জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, বর্ষা শেষে চলনবিলে কৃষকের বন্ধু হিসেবে পরিচিত বকসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে। একটি চক্র এসব পাখি শিকারে মেতে উঠেছে। চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×