অবশেষে শপথ নিলেন শিবির প্যানেল থেকে নির্বাচিত চাকসু সদস্য আকাশ দাশ
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৭:২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৭ দিন আগে শপথ নিয়েছেন কার্যনির্বাহী সদস্য আকাশ দাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে শপথ অনুষ্ঠানে অনুপস্থিত থাকা এবং পরবর্তীতে তদন্তের কারণে দীর্ঘদিন তাঁর শপথ আটকে ছিল। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান শপথের বিষয়টি নিশ্চিত করেছেন।
চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন আকাশ দাশ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হননি। পরে বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত ২৫ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাশকে ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পর মঙ্গলবার তাঁকে শপথ পড়ানো হয়েছে।
এদিকে চাকসুর গঠনতন্ত্রের ৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের মেয়াদকাল হবে শপথ গ্রহণের পর থেকে এক বছর। মেয়াদ শেষে কার্যনির্বাহী কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। তবে নির্বাচনের প্রায় এক বছর পর শপথ নেওয়ায় আকাশ দাশের মেয়াদ নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, আকাশ দাশের মেয়াদ এই গঠনতন্ত্র অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার দিনই শেষ হবে। তিনি উপনির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলেও তাঁর জন্য আলাদা করে এক বছর, তিন বছর বা পাঁচ বছরের মেয়াদ প্রযোজ্য হবে না। সংসদের মেয়াদ যেদিন শেষ হবে, তাঁর মেয়াদও সেদিনই শেষ হয়ে যাবে।
শপথের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য, দুই উপ-উপাচার্য, চাকসুর সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক।
চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, প্রশাসন আমাদের জানিয়েছে, আজ আকাশের শপথ পড়ানো হবে।
- বিষয় :
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- চাকসু
- শিবির
- শপথগ্রহণ