ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে প্রাথমিকে নিয়োগ পাওয়া ৫৯৮ শিক্ষকের পদায়ন লটারিতে

সুনামগঞ্জে প্রাথমিকে নিয়োগ পাওয়া ৫৯৮ শিক্ষকের পদায়ন লটারিতে
×

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলছে লটারি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৯:১০ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ১৯:২১

সুনামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়া ৫৯৮ জনের পদায়ন লটারির মাধ্যমে শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রম শুরু হয়। রাত পর্যন্ত লটারি চলবে।

লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে এবং জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও আদর্শ শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ হাফেজা ফেরদৌস লিপন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৬১৭ জনের মধ্যে ২৪ ও ২৭ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে ৬১২ জনের নিয়োগ সম্পন্ন হয়। এর মধ্যে দিরাইয়ে ৯১, ছাতকে ৮৩, মধ্যনগরে ৫২, দোয়ারাবাজারে ২৮, জগন্নাথপুরে ৭৮, শান্তিগঞ্জে ৬২, তাহিরপুরে ৪৯, বিশ্বম্ভরপুরে ১৯, ধর্মপাশায় ৪৯, সুনামগঞ্জ সদরে ৩, জামালগঞ্জে ৪৬ এবং শাল্লায় ৫২ জন রয়েছেন। তাঁদের মধ্যে ৫৯৮ জন নিয়োগের অফিস আদেশ গ্রহণ করেছেন। তাঁদেরই লটারির মাধ্যমে বিদ্যালয় নির্ধারণ করা হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী সহকারী শিক্ষকদের উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে পদায়নের নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী জেলা কমিটি গঠন করে পদায়ন করা হচ্ছে।

তিনি বলেন, প্রজ্ঞাপনে প্রতিস্থাপন সাপেক্ষে বদলি হওয়া শিক্ষকদের কারণে শূন্য হওয়া পদে আগে পদায়নের নির্দেশনা রয়েছে। জেলা কমিটি সেই নির্দেশনা অনুসরণ করেই কার্যক্রম পরিচালনা করছে। উপজেলাভিত্তিক শিক্ষকদের নাম আলাদাভাবে নিয়ে লটারির মাধ্যমে বিদ্যালয় নির্ধারণ করা হচ্ছে। প্রথমে সুনামগঞ্জ সদর উপজেলার শিক্ষকদের পদায়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলার শিক্ষকদেরও পদায়ন করা হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, সব নিয়োগপ্রার্থীর লটারি শেষ হওয়ার পর রোববার কমিটির পক্ষ থেকে ফলাফল জানানো হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে আরও জানা যায়, চলতি বছরের ২ জানুয়ারি সুনামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন কেন্দ্রে ১৪ হাজার ৪৮৯ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ২ হাজার ১৫৯ জন। পরে ২৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৯৯ জন অংশ নিয়ে ৬৩৭ জন উত্তীর্ণ হন। প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় ২০ জন নিয়োগপ্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হতে পারেননি।

এরপর উত্তীর্ণ ৬১৭ জনের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস। গত ২৪ সেপ্টেম্বর রাতে যোগদানপত্র দেওয়ার অফিস আদেশ প্রকাশের পর নতুন করে জটিলতা দেখা দেয়। ওই আদেশে জেলার বিভিন্ন উপজেলার ১২০ জন প্রার্থী নিয়োগ থেকে বাদ পড়ার বিষয়টি জানতে পারেন। সর্বশেষ যাচাই-বাছাইয়ে ৬১৭ জনের মধ্যে ১২০ জন যোগদানপত্র পাননি।

এ ঘটনায় চাকরি ফিরে পাওয়ার দাবিতে নিয়োগবঞ্চিত প্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁদের কর্মসূচির পরদিন রাতে ১২০ জনের মধ্যে ১১৫ জনের হাতে নিয়োগ আদেশের নোটিশ দেওয়া হয়। এরপর মঙ্গলবার নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন লটারির মাধ্যমে শুরু হলো।

আরও পড়ুন

×