চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
ছবি: সমকাল
চুয়েট সংবাদদাতা
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২০:৩৮
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
চলমান আন্দোলনের অংশ হিসেবে দীর্ঘ দুই সপ্তাহ পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় এ কর্মসূচির ডাক দেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব বলেন, ‘আমরা ১৫ দিন ধরে আন্দোলন করছি। এখন পর্যন্ত এ সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ দেখছি না। বাংলাদেশের ইতিহাসে এটি এক অনন্য নজির যে, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা সবাই একজনকে উপাচার্য হিসেবে দেখতে চান।’
এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, গত ২১ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের দায়িত্ব থেকে সরানো হয়। তবে প্রজ্ঞাপনে এ পরিবর্তনের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এ সিদ্ধান্তের পরদিন ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে সর্বাত্মক শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন ও গণঅবস্থান শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের ধারাবাহিকতায় মানববন্ধন, স্মারকলিপি, খোলা চিঠি, মশাল মিছিল, রেড কার্ড প্রদর্শন, গ্রাফিতি, ‘৫৬’ প্রতীকী প্রশ্নযাত্রা, মুখোশ মিছিল, কালো কাপড় বেঁধে প্রতিবাদ, প্রতিবাদী কনসার্ট, আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির থাকায় হাজারো শিক্ষার্থীর ক্লাস, পরীক্ষা, গবেষণা ও একাডেমিক সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সংকটের দ্রুত অবসানে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়।