বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক
এগিয়ে গেলো মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়
ছবি-সংগৃহীত
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২০:৪৮ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ২১:০৮
সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে মঙ্গলবার সকাল ১০টায় মাদারীপুর পৌরসভা হলরুমে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতায় জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
প্রতিযোগিতায় মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আলহাজ আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয় রানারআপ হয়েছে। রানারআপ দলের দলনেতা মো. সাদ্নান হোসেন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন।
প্রতিযোগিতায় অংশ নেয়া অন্য দুটি প্রতিষ্ঠান হলো কালকিনি পাইলট উচ্চ বিদ্যালয় ও কালিকাপুর উচ্চ বিদ্যালয়।
সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জন এবং যুক্তি দিয়ে চিন্তা করার সক্ষমতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি মো. আসাদুজ্জামান সবুজ। দিনব্যাপী বিতর্কে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ওপর যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করে। উপস্থিত অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা প্রতিযোগিতার বিভিন্ন পর্ব উপভোগ করেন।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু এবং জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুস সোবহান খান উপস্থিত ছিলেন।
বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন চরনাচনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার বাংলা প্রভাষক মোসা. রূপালী নূর, শিক্ষক ওহিদুজ্জামান, বিতার্কিক জুই ইসলাম ও ইশা আক্তার।
- বিষয় :
- মাদারীপুর