ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ বলা সেই নেতা গ্রেপ্তার, চাঁদাবাজির মামলা

‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ বলা সেই নেতা গ্রেপ্তার, চাঁদাবাজির মামলা
×

ফারুক হোসেন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২২:৫০

‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’–এমন কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে সোমবার গ্রেপ্তার করেছে ডিবি। আজ মঙ্গলবার তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানায় মামলাটি করেন জেলা গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান চৌধুরী। মামলায় ফারুক হোসেনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।

মামলার বাদী সোলায়মান চৌধুরী বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ ওঠায় তাঁর ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারাদেশে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এতে নুরুল হকের ১০ কোটি টাকার মানহানি হয়েছে। 

ফারুক হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, স্থানীয় একটি চক্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠ সম্পাদনা করে অডিওটি তৈরি করেছে। 

স্থানীয় সিরাজ আবদীন বলেন, রাজনৈতিক পরিচয় বা কোনো নেতার নাম ব্যবহার করে অর্থ আদায়ের ঘটনা সত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে অডিও সম্পাদনা বা কৃত্রিমভাবে তৈরি করার অভিযোগ সত্য হলে এর সঙ্গে জড়িতদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।

অডিও ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে ফারুক হোসেনকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুব অধিকার পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাঈম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক হোসেনের বিরুদ্ধে দলের সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের নির্দেশে তাঁকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

এদিকে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমার নাম বলে ধান্দাবাজি করে রেহাই পাওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে (এসপি) বলা হয়েছে।’

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের নাম ভাঙিয়ে টাকা চাওয়ার অভিযোগে ফারুক হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি ডিবি পুলিশ তদন্ত করছে।

আরও পড়ুন

×