ফেনীতে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন সোনাগাজী সাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
ছবি- সমকাল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২৩:০২ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ২৩:০৫
ফেনীতে ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সোনাগাজী মো. সাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা ফারিহা ইবনাত মুন।
মঙ্গলবার শহরের ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানকে সামনে রেখে দৈনিক সমকাল এ আয়োজন করে।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন দলনেতা ফারিহা ইবনাত মুন, আফসানা হালিম তিশা ও সিদরাতুল মুনতাহা। রানার্সআপ দলের সদস্য ওয়াফিজা তাহিয়াত রাশা (দলনেতা), আলিমা ইসলাম ও মাহফুজা ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম ফয়সাল। দৈনিক সমকালের ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ফেনী জেলা শাখার সভাপতি ফারুক আহমাদ, ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সোনাগাজী মো. সাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজ এবং ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
বিচারক ছিলেন ডিবেট বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ও সাবেক ফেনী ডিবেট ফোরাম সভাপতি আবু সুফিয়ান নোমান, ফেনী ডিবেট ফোরামের সভাপতি মুজাহিদুল ইসলাম জয় ও সাধারণ সম্পাদক মো. ফয়সাল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র বিতার্কিক সৈকত হোসেন সৌরভ।
প্রধান অতিথি এ.কে.এম ফয়সাল বলেন, বিতর্ক করতে হলে যুক্তিনির্ভর বক্তব্যের পাশাপাশি জ্ঞান ও তথ্য যাচাইয়ের সক্ষমতা প্রয়োজন। ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তথ্য পাওয়া সহজ হলেও সব তথ্য সঠিক নয়। তাই তথ্য যাচাইয়ের পাশাপাশি ভালো-মন্দ বোঝার জন্য মানবিক বুদ্ধিমত্তা ও পড়াশোনার বিকল্প নেই।
- বিষয় :
- বিতর্ক উৎসব
- সমকাল