সুন্দরবন ঘেঁষে বাগেরহাট-সাতক্ষীরার আরও ৬ রিসোর্ট বন্ধের নির্দেশ
ছবি- সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০১:২৩
সুন্দরবন ঘেঁষে নির্মিত বাগেরহাট ও সাতক্ষীরার আরও ছয়টি রিসোর্ট বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে এসব স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।
এর আগে খুলনা জেলার সীমানায় সুন্দরবনের পাশে নির্মিত ১৮টি রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক খোন্দকার মো. ফজলুল হক বলেন, পরিবেশগত সংকটাপন্ন এলাকায় কোনো রিসোর্ট পরিচালনা করা যায় না। আইন অনুযায়ী রিসোর্টগুলোর কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল। সন্তোষজনক জবাব না পাওয়ায় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে খুলনার ১৮টি, বাগেরহাটের দুটি ও সাতক্ষীরার চারটি রিসোর্ট রয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর দৈনিক সমকালে ‘রিসোর্ট ব্যবসার চাপে সুন্দরবন’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সুন্দরবনের চারপাশের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অনুমোদনহীনভাবে রিসোর্ট নির্মাণ ও পরিচালনা, অবৈধভাবে বন ও খালে পর্যটক চলাচল, ডলফিন অভয়ারণ্য ঘোষিত ঢাংমারী খালে পর্যটকবাহী ট্রলারের অবাধ চলাচল এবং সুন্দরবনের ওপর এর নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়।
এরপর ২ অক্টোবর ‘অকাতর অবকাশকেন্দ্র, সুন্দরবনে অসুন্দরের সদন’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে সমকাল। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এরপরই অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর।
- বিষয় :
- সুন্দরবন
- রিসোর্ট
- বন্ধ ঘোষণা