রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ‘মব' করে পদত্যাগ, তদন্তের দাবি এনডিএফের
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০১:৩৫ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ | ০১:৩৯
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে সংঘবদ্ধভাবে চাপ প্রয়োগ করে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। একই সঙ্গে ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছে সংগঠনটি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দল রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে জড়ো হয়ে ‘মব’ তৈরি করে উপাচার্যের ওপর চাপ সৃষ্টি করে। একপর্যায়ে তাঁকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছে এনডিএফ। এ সময় অধ্যাপক মোফাখখারুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন। তবে তিনি এ বিষয়ে আগে থেকে কিছু জানতেন না বলে জানিয়েছেন।
এনডিএফের নেতারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চাপ, ভয়ভীতি বা সংঘবদ্ধভাবে মব তৈরি করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। উচ্চশিক্ষা ও চিকিৎসাশিক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারা কীভাবে সেখানে জড়ো হয়েছিল, কীভাবে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং উপাচার্যকে পদত্যাগে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল কি না—এসব বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন। তদন্তে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক কিংবা প্রভাবশালী পরিচয় যেন প্রভাব ফেলতে না পারে, তা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।
এনডিএফ বলেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মব-তৎপরতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতিও জোর দাবি জানিয়েছে এনডিএফ।
- বিষয় :
- রাজশাহী
- মেডিকেল বিশ্ববিদ্যালয়
- ভিসি