৫০টি বক জবাই করে বিক্রি
সিংড়া উপজেলার ডাহিয়া-টু-বিয়াস সড়কে জবাই করা বকসহ আটক ব্যক্তিরা সমকাল
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০৭:৫০
| প্রিন্ট সংস্করণ
সিংড়ায় ৫০টি বকপাখি জবাই করে হত্যার অপরাধে তিন পাখি শিকারিকে দুই মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বস্তায় ভরে জবাই করা পাখি গোপনে বিক্রি ও পরিবহনে সহায়তা করার অপরাধে দুই ভ্যানচালককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ডাহিয়া-টু-বিয়াস সড়কে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু এবং পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের সদস্যরা।
কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত তিন শিকারি হলেন– বিলপাকুরিয়া গ্রামের জনাব আলী, কাহার ও লিটন। তাদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে শিকার করা পাখি বিক্রির উদ্দেশ্যে পরিবহনে সহায়তার অপরাধে পারসিংড়া বেদেপল্লির ভ্যানচালক আবু হানিফকে সাত হাজার টাকা এবং বিলপাকুড়িয়া গ্রামের অটোভ্যানচালক
হোসেন আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে চলনবিলের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বকপাখি শিকার করে জবাই করার পর বস্তায় ভরে পৌর শহরের পারসিংড়া বেদেপল্লিসহ বিভিন্ন এলাকায় গোপনে বিক্রি করছিল চক্রটি। পাখি পরিবহনের কাজে প্রতিবন্ধী ভ্যানচালক আবু হানিফসহ কয়েকজনকে ব্যবহার করা হচ্ছিল। গতকাল মঙ্গলবার দুপুরে বস্তাভর্তি ৫০টি জবাই করা বকপাখি শিকারিদের কাছ থেকে ভ্যানে তোলার সময় পরিবেশকর্মীদের সহযোগিতায় তাদের আটক করা হয়।
অভিযানের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘অভিযান চালিয়ে ৫০টি জবাই করা পাখিসহ আসামিদের আটক করে সাজা দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বর্ষার শেষে চলনবিলে কৃষকের বন্ধু হিসেবে পরিচিত বকসহ নানা প্রজাতির দেশীয় ও অতিথি পাখির আগমন ঘটে। প্রকৃতির এই রূপ ও জীববৈচিত্র্য রক্ষায় পাখি শিকারিদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।’
- বিষয় :
- পাখি শিকারী