পঞ্চগড় সীমান্তে ৭ ভারতীয়কে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ছবি: সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৩:১৮
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে আবারও সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তারা ভারতে ফিরে যেতে বাধ্য হয়েছে। মঙ্গলবার রাতে মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যায়। পুশইনের চেষ্টার শিকার সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় সাতজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে তারা সীমান্তের কাছাকাছি অবস্থান নেন। দিনভর সীমান্ত এলাকায় অবস্থানের পর রাতে বিজিবির কঠোর অবস্থানের কারণে সাতজন একই সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।
লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার, পুশইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ভারতের পুশইন করা ছয়জনকে পঞ্চগড় জেলা শহরের একটি বাস কাউন্টার থেকে আটক করে পুলিশ।
- বিষয় :
- পুশইন
- বিএসএফ
- বিজিবি
- পঞ্চগড়ে সীমান্ত