ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে হাদী হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

পঞ্চগড়ে হাদী হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
×
×

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’। ছবি: সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৩:৫৮

শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত বিচারসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা শুরু করে সংগঠনটি। এর আগে জিরো পয়েন্টে অবস্থান নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সেখান থেকে পদযাত্রা শুরু করেন সংগঠনের সদস্যরা। এ সময় সাধারণ মানুষের মধ্যে দাবিসংবলিত লিফলেট বিতরণ করা হয়।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এ কর্মসূচি ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করার কথা রয়েছে।

ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে— শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার নিশ্চিত করা। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থান করা খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।

তেঁতুলিয়ার বাংলাবান্ধায় কর্মসূচিতে স্থানীয়দের পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। কর্মসূচির প্রথম দিনে বাংলাবান্ধা থেকে হেঁটে ২১ কিলোমিটার পথ অতিক্রম করে তেঁতুলিয়ায় দিনের কর্মসূচি শেষ করার কথা রয়েছে। পথে বিভিন্ন বাজারে দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা।

কর্মসূচির শুরুতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের সংবাদকর্মীদের বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে বেঁচে থাকুক, সেটা ভারত চায় না। তারা জুলাই হত্যাকারীদের বাংলোয় লালন-পালন করছে। আমরা ভারত সরকারকে আহ্বান করতে চাই, আপনি যদি বাংলাদেশের মানুষকে সত্যি সত্যি বন্ধু মনে করেন, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।

তিনি আরও বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন হাদী হত্যাকারীদের নিয়ে যেন কোনো কথা না বলেন। এর মাধ্যমে এটা স্পষ্ট হয়, হাদী হত্যায় ভারত, আওয়ামী লীগ সরাসরি জড়িত। আমরা সরকারকে বলতে চাই, ডিসেম্বরের মধ্যে কোন প্রক্রিয়ায় ভারতের সঙ্গে কথা বলে খুনিদের ফিরিয়ে আনবেন, সেটা আপনাদের বিষয়। তবে হাদী হত্যাকাণ্ডকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়, তাহলে আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে যারা ভারতের প্রভুদের খুশি করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে।

আরও পড়ুন

×