ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নাটোরে অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে

নাটোরে অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে
×

সংগৃহীত ছবি

নাটোর সংবাদদাতা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৬:২২

অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনাসহ নানা অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছেন জেলা প্রশাসক। এর আগে আজ বুধবার সকাল থেকে অপসারণ চেয়ে প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন প্রধান শিক্ষক।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বোর্ড ফি ২৩৩ ও ২৮২ টাকা হলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ ও ৪০০ টাকা আদায় করেন প্রধান শিক্ষক। এ ছাড়া সাড়ে ৯ টাকার টিফিন সরবরাহ করে ১৮ টাকা মূল্যের টিফিন লিখে ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া ক্রীড়া ফান্ড ও আইসিটি ফান্ডের অর্থের অনৈতিক ব্যবহারের অভিযোগ করে শিক্ষার্থীরা। 

পরে নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

এ বিষয়ে প্রধান শিক্ষক জাসমিন আক্তার বলেন, ‘আমার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছে, যা সঠিক নয়। কারও ইন্ধনে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক আমি ছুটিতে এসেছি।’ 

জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, ‘অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের সাথে অশোভন ব্যবহার করাসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনসহ অপসারণ দাবি করছিল শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করাসহ প্রধান শিক্ষককে অনির্দিষ্টকালের ছুটি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি পূরণ হওয়ায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।’ 

আরও পড়ুন

×