ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বাঘায় শুরু হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ

বাঘায় শুরু হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ
×

ফাইল ছবি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৭:১৩ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ | ১৭:২৭

হাজার বছরের লোকজ সংস্কৃতি ও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে রাজশাহীর বাঘায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেঙ্গাড়ী বাজারসংলগ্ন পদ্মা নদীতে এ নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে শনিবার পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, এবারের প্রতিযোগিতায় লাখ টাকার প্রাইজমানি রাখা হয়েছে।

নৌকাবাইচ ঘিরে এরই মধ্যে বাঘা, চারঘাট, লালপুরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। ‘নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে’সহ নানা লোকজ গানের সুর, ঢোল-করতাল ও বাঁশির শব্দে মুখর হবে নদীর পাড়। প্রতিযোগিতায় অংশ নেওয়া মাঝি-মাল্লারা দাঁড় টানার কসরত ও নৌকা চালনার দক্ষতা দিয়ে জয়ের জন্য লড়বেন।

নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর পাড়ে বসছে বিশাল গ্রামীণ মেলা। আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় প্রায় ৫০০ ছোট-বড় দোকান বসবে। মৃৎশিল্প, খেলনা, মিষ্টি, প্লাস্টিক পণ্যসহ গ্রামীণ ঐতিহ্যের নানা সামগ্রী নিয়ে দোকানিরা পসরা সাজাবেন।

আয়োজক কমিটি জানায়, সর্বশেষ ২০২৩ সালে এ মেলার আয়োজন হয়েছিল। নৌকাবাইচ মেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ডাবলু সরকার বলেন, হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতিকে ধরে রাখতেই এ আয়োজন।

স্থানীয় বাসিন্দা এমরান আলী সরকার বলেন, নৌকাবাইচ দেখতে বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়স্বজন এসেছেন। এ ধরনের আয়োজন গ্রামবাসীর মধ্যে মিলনমেলার পরিবেশ তৈরি করে।

মৃৎশিল্পের দোকানি নরধম পাল, রেজাউল ও আনসারসহ ব্যবসায়ীরা জানান, প্রতিবছর এ সময় তারা মেলায় এসে বেচাকেনা করেন। এতে বাড়তি আয় হয়। শিশুদের খেলনা ও মিষ্টির দোকানে বেচাকেনা বেশি হয় বলেও জানান তারা।

আয়োজক কমিটির সভাপতি তোজাম্মেল হক বলেন, হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। আশা করছি, হাজার হাজার দর্শকের সমাগমে এটি সফল উৎসবে পরিণত হবে।

নৌকাবাইচ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। উদ্বোধক হিসেবে থাকবেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, উৎসবের দিনগুলোতে নিরাপত্তায় পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

×