ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের অবস্থান কর্মসূচি
×

ছবি- সমকাল

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৮:০১

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মচারীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

তৃতীয় শ্রেণি কর্মচারী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মো. মাহফুজার রহমান বলেন, আমরা দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত। কেউ সাত বছর, কেউ ১০ বছর ধরে একই পদে আছেন। আমাদের নীতিমালা অনুযায়ী পাঁচ বছর পরপর আপগ্রেডেশন দেওয়ার কথা। প্রশাসনকে বারবার জানানোর পরও আপগ্রেডেশন বোর্ডের আয়োজন করা হয়নি। এ বিষয়ে আমরা উপাচার্য ও রেজিস্ট্রারকে চিঠি দিয়েছি। প্রথমে আমরা দুই ঘণ্টা করে অবস্থান করব। এরপরও দাবি আদায় না হলে অনশনে যাব। 

গণিত বিভাগের সেমিনার সহকারী কাকলী বেগম বলেন, আমরা খুব অল্প বেতন পাই। এই সামান্য আয় দিয়ে পরিবার চালানো কঠিন। আমাদের বেশির ভাগ কর্মচারী ঋণের বোঝায় জর্জরিত। এই অবস্থায় পদোন্নতি ও বেতন বৃদ্ধির সুযোগ না থাকায় আমরা আর্থিকভাবে আরও চাপে পড়ছি।

দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সেমিনার সহকারী মো. মনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে আমাদের বেতন তুলনামূলক কম। সময়মতো আপগ্রেডেশন হলে  কিছুটা আর্থিক সুবিধা পেতাম। কিন্তু গত ১০ বছরেও কোনো আপগ্রেডেশন পায়নি। দ্রুত পদোন্নতি ও আপগ্রেডেশনের ব্যবস্থা করতে উপাচার্যের কাছে দাবি জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান বলেন, ইউজিসি থেকে সংবিধি প্রণয়নের কথা বলা হয়েছে। এ জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটি নীতিমালা প্রণয়ন করে ইউজিসিতে পাঠাবে। সেটি অনুমোদিত হলে তারা পদোন্নতি পাবেন।

অবস্থান কর্মসূচিতে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হুমায়ুন কবির সাগর, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রাফি আক্তার, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সেমিনার অ্যাটেনডেন্ট ফারজানা বেগমসহ বিভিন্ন বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×