ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

খুলনায় সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা, ফিরে এসে মুখে কুলুপ

খুলনায় সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা, ফিরে এসে মুখে কুলুপ
×

সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে তুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৯:২৮ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ | ১৯:৩১

খুলনায় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদরের সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে তুলে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। আজ বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ৩-৪টি মোটরসাইকেলে করে আসা বেশকয়েক যুবক প্রথমে তাকে রিকশায়, পরে মোটরসাইকেলে করে নগরীর কালীবাড়ি ঘাটের দিকে নিয়ে যায়। প্রায় ৪০ মিনিট পরে তাকে আবার রিকশায় করে কার্যালয়ে পাঠিয়ে দেয়। কিন্তু ফিরে এসে কারা তাকে নিয়ে গেছে-এ ব্যাপারে কোনো কথা বলছেন না তন্ময় মণ্ডল।

সাব রেজিস্ট্রার কার্যালয়ের মতো জনবহুল জায়গা থেকে এভাবে রেজিস্ট্রার তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। কালীবাড়ি এলাকায় খুলনার সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ দৌরাত্ব বেশি বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবারের বিরতিতে সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে বের হয়ে একটি রিকশায় ওঠেন তন্ময় কুমার মণ্ডল। সঙ্গে সঙ্গে ৩-৪টি মোটরসাইকেলে করে আসা বেশ কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে। দু’জন তার সঙ্গে রিকশায় উঠে যান। একজন রিকশায় উঠে তার মুখে চেপে ধরেন। কিছু দূর পর তাকে মোটরসাইকেলে তুলে কালীবাড়ি রোডের একটি দোকানে নিয়ে যান। বিষয়টি ছড়িয়ে পড়লে পুলিশ ঘাট এলাকায় অভিযান শুরু করে। প্রায় ৪০ মিনিট পর তাকে কার্যালয়ে ফিরে আসতে দেখা যায়। এ সময় তিনি আতংকিত এবং ঘর্মাক্ত ছিলেন।

সাংবাদিকদের সদর সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডল বলেন, ‘কয়েকজন যুবক কালীবাড়ি ঘাটের কাছে একটি দোকানে নিয়ে কিছু কাগজ সঠিক কিনা দেখতে দিয়েছে। কাজ শেষ তারাই রিকশায় তুলে দিয়েছে।’

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, সংবাদ শুনে সঙ্গে সঙ্গে আমার ঘটনাস্থলে পৌঁছাই। কিছু সময়ের মধ্যে সাব রেজিস্ট্রার ফিরে আসেন। কিছু কাগজপত্র দেখতে তাকে কয়েকজন ঘাট এলাকায় নিয়ে গিয়েছিল। পরে ছেড়ে দিয়েছে।

আরও পড়ুন

×