ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বগুড়ায় বাংলা কিউআর নিয়ে সচেতনতামূলক কর্মসূচি

বগুড়ায় বাংলা কিউআর নিয়ে সচেতনতামূলক কর্মসূচি
×

নিজস্ব প্রতিবেদক, উত্তরাঞ্চল

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ২০:৫৫

ক্যাশলেস লেনদেন বাড়াতে বাংলা কিউআরকে গ্রাহকের আস্থা ও নিরাপদ মাধ্যম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ক্যাশলেস লেনদেন বাড়লে আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি জাল টাকার বিস্তার ও নিরাপত্তাঝুঁকি কমবে।

বুধবার দুপুরে বগুড়া শহরের রানার প্লাজার নিচতলায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংককের তত্ত্বাবধানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) বগুড়া শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সাখাওয়াত হোসেন বলেন, বাংলা কিউআর এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ব্যাংককে সমন্বয় করে গ্রাহকের লেনদেন সহজ করা হচ্ছে। এতে লেনদেনে ভোগান্তি কমবে। নগদ অর্থের ওপর নির্ভরতা কমলে টাকা ছাপানোর পেছনে সরকারের ব্যয়ও অনেকাংশে কমানো সম্ভব হবে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ। তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ৩৯ লাখ মার্চেন্ট বাংলা কিউআরের মাধ্যমে পেমেন্ট গ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রতিদিন প্রায় সাড়ে ৩ লাখ লেনদেন হচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা।

তিনি বলেন, গত ৯০ দিনে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে তিন গুণ এবং লেনদেনের পরিমাণ প্রায় পাঁচ গুণ বেড়েছে। এ অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে এমটিবি দেশব্যাপী বাংলা কিউআর গ্রহণ ও ব্যবহারে গুরুত্ব দিচ্ছে।

চৌধুরী আখতার আসিফ আরও বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে গ্রাহকের ভোগান্তি কমার পাশাপাশি তাঁদের লেনদেনের তথ্য বিবেচনায় নিয়ে ঋণ কার্যক্রমও সহজ ও গতিশীল করা সম্ভব হবে।

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার পরিচালক মো. সেলিম আহম্মদ, সরদার আল ইমরান ও মো. আখতারুল ইসলাম, এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম তারেক এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমটিবির বগুড়া আঞ্চলিক ব্যবস্থাপক ও ব্যবস্থাপক কুদরত-ই-খোদা মো. সামিউল করিম।

আরও পড়ুন

×