কুষ্টিয়ায় এক ঘণ্টার ব্যবধানে এক কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ জন
কুকুরের কামড়ে আহত হয়ে কুমারখালী হাসপাতালে বুধবার রাতে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। ছবি- সমকাল
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ২২:৩১
কুষ্টিয়ার কুমারখালী শহরে এক ঘণ্টায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৩৩ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন এলাকায় পথচারীদের কামড়ায় কুকুরটি। আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী সার্জন প্রত্যয় বিশ্বাস জানান, বুধবার রাত সাড়ে ৭টা পর্যন্ত অন্তত ৩৩ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসেন। অনেকের শরীরে বড় ধরনের ক্ষত রয়েছে। তাদের মধ্যে ২৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্যদের বৃহস্পতিবার সকালে হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে একটি কালো রঙের কুকুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারীদের কামড়াতে থাকে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কুকুরটিকে সর্বশেষ নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকার হয়তাপাড়ায় দেখা গেছে বলে স্থানীয়রা জানান।
রাতে হাসপাতাল চত্বরে দেখা যায়, কেউ কুকুরের কামড় ও আঁচড়ের ক্ষত সাবান-পানি দিয়ে পরিষ্কার করছেন, আবার কাউকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। জরুরি বিভাগের সামনে রোগী ও স্বজনদের ভিড় দেখা যায়।
হলবাজার এলাকার বাসিন্দা মো. রোকনুজ্জামান বলেন, সেখানে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ একটি কালো কুকুর এসে তাকে কামড় দিয়ে চলে যায়। তাঁর পায়ে ক্ষত হয়েছে এবং চিকিৎসক ভ্যাকসিন দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, সন্ধ্যায় হাসপাতালে এসে বিভিন্ন এলাকা থেকে কুকুরের কামড়ে আহত হয়ে লোকজনকে আসতে দেখেছেন। দ্রুত কুকুরটি শনাক্ত করা না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করেন।
চড়াইকোলের হয়তাপাড়া এলাকার আফজাল হোসেন রাত ৮টার দিকে হাসপাতালে আসেন। তিনি জানান, নামাজ পড়ে বাইরে আসার সময় একটি কালো কুকুর তাকে কামড় দিয়ে দৌড়ে চলে যায়। চিকিৎসক তাকে পরদিন হাসপাতালে আসতে বলেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ার বলেন, একটি কুকুরের কামড়ে আহত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কুকুরটিকে শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
- বিষয় :
- কুকুরের কামড়
- আহত