জামায়াত নেতাকে সভা থেকে বের করে দেওয়ার অভিযোগ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ০৮:২৭
| প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা থেকে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির নুরুজ্জামান মীরকে মারধর করে বের করে দিয়েছেন বিএনপির কর্মীরা। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।
সভায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলে পেছন থেকে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির নুরুজ্জামান মীর বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় বিএনপির কিছু কর্মী সমর্থক তাঁকে চিনতে না পেরে হলরুম থেকে বের করে দেন। বিষয়টি দেখে অন্য নেতারা তাঁকে ডেকে এনে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। নুরুজ্জামান বক্তব্য দেওয়ার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের বক্তব্যের একটি অংশের প্রতিবাদ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে নুরুজ্জামানকে মারধর শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ তাঁকে বের করে অটোরিকশায় তুলে দেয়।
উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির নুরুজ্জামান মীর বলেন, আমাদের দলের সঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে মিথ্যা অপবাদের প্রতিবাদ করায় আমাকে থাপ্পড় আর ঘুষি দিয়ে বের করে দেওয়া হয়। এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। শ্রীনগর থানার ওসি জুয়েল মিয়া সাংবাদিকদের বলেন, ভুল বোঝাবুঝির কারণে ওই সভায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল।
- বিষয় :
- জামায়াত নেতা