ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কুমিল্লা সমবায় ব্যাংকের নেতৃত্ব, দখলচেষ্টার অভিযোগ

কুমিল্লা সমবায় ব্যাংকের নেতৃত্ব, দখলচেষ্টার অভিযোগ
×
×

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ০৮:২৮ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ | ১২:০১

| প্রিন্ট সংস্করণ

বিএনপি নেতা আমিরুজ্জামান আমির কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করে সভাপতি হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেলে এসব অভিযোগ করেন কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের তিনবারের সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ২৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে কাজী নাজমুস সাদাত বলেন, প্রতি তিন বছর পরপর প্রত্যক্ষ ভোটে ৯ সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়। বাইরে থেকে যে কেউ ইচ্ছে করলেই সদস্য হতে পারবেন না। সদস্য হতে হলে তাকে অবশ্যই সমবায়ী হতে হবে। এটাই সমবায়ের আইনে স্পষ্টভাবে বলা আছে। তাঁর জানামতে আমিরুজ্জামান সমবায়ী নন। 
কাজী নাজমুস সাদাত জানান, তিনি চলতি বছরের ৯ মার্চ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। কিন্তু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির তাঁকে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছেন। তাঁকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘অভিযোগে আমি সমবায় ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছি বলে উল্লেখ করা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর ২৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।’

নাজমুস সাদাত বলেন, এসব বিষয় উল্লেখ করে গত মঙ্গলবার সঠিক তদন্ত চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে। তিনি সমবায় ব্যাংকের তিনবারের নির্বাচিত সভাপতি। সম্মান নিয়ে বাঁচতে চান তিনি। তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগের নিরপেক্ষ তদন্ত চান। অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি তিনি। তবে কোনো অপবাদ বা ষড়যন্ত্রের কাছে আপস করতে চান না।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির। সমকালকে তিনি বলেন, নগরীর মনোহরপুর ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সদস্য তিনি। তাঁর বিরুদ্ধে অ্যাডভোকেট নাজমুস সাদাত যেসব অভিযোগ করেছেন তা সঠিক নয়। এর নিন্দা জানান তিনি। আমিরুজ্জামান বলেন, ‘অভিযোগকারী ব্যক্তি গত ১৫ বছর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারে কারে ফুল দিয়েছেন এর সব ডকুমেন্টস আছে। তিনি তিনবার যেনতেন নির্বাচনের মাধ্যমে ব্যাংকটির সভাপতি হয়েছেন। সবশেষ বিধি ভেঙে একমাস বিলম্বে নামমাত্র নির্বাচনের মাধ্যমে তিনি সভাপতি হয়েছেন, যা সমবায় ব্যাংকের আইনের পরিপন্থি।’ এই বিএনপি নেতা বলেন, সকল সমবায়ী মিলে তাকে সভাপতির দায়িত্ব দিলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি।
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী জানান, তাঁর কাছে লিখিত অভিযোগ এসেছে। সেটি খতিয়ে দেখার জন্য কমিটি করে দিয়েছেন তিনি। কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ১৯১৩ সালের ২০ জুন কুমিল্লা 
কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়। ১৭৪টি সমিতি এবং বাংলাদেশ সরকার এই ব্যাংকটির মালিক।

আরও পড়ুন

×