ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

৬ বন্দুক, ৩ এয়ারগান ও ১৪ রাউন্ড কার্তুজ জব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
×
×

সংগৃহীত ছবি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১২:১৭

সুন্দরবনে ডাকাতির প্রস্তুতি নেওয়া একটি দলের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বুধবার রাতে বাগেরহাটের মোংলা থানার সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি একনলা বন্দুক, তিনটি এয়ারগান, একটি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ।

আজ বৃহস্পতিবার সকালে পশ্চিম জোনের সদর দপ্তর মোংলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লে. কমান্ডার শওকত আহম্মদ এসব তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্র জানায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে শেলা নদী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে কিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র মোংলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে সরকারের নির্দেশনা, স্থানীয় জনগণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

আরও পড়ুন

×