স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা ঘটানোর সুযোগ নেই: রাশেদ খাঁন
ছবি: সমকাল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১৫:৩৮ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ | ১৫:৪১
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, বিএনপির নির্বাচনের প্রস্তুতি সব সময়ই থাকে। স্থানীয় হোক কিংবা জাতীয়—বিএনপির মতো বড় দলে একাধিক সম্ভাব্য প্রার্থী থাকেন। সামনের স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থীরা নিজ নিজ জায়গা থেকে ঘোষণা দিয়েছেন এবং প্রচারণা চালাচ্ছেন। তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে, একাধিক প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। কেউ দলের নির্দেশনা অমান্য করে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে দল যথাযথ ব্যবস্থা নেবে। এই নির্বাচন নিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা ঘটানোর কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না। তার ফেরারও কোনো সুযোগ নেই। কারণ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। একটা মানুষ এত বোকা হতে পারেন না যে, তার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করে রাখা হয়েছে, আর তিনি দেশে ফিরে সেই দড়িতে ঝুলবেন।
তিনি বলেন, আবরার ফাহাদের খুনিদের আইনজীবী ছিলেন শিশির মনির, যিনি জামায়াতের একজন বিখ্যাত আইনজীবী। তিনি যখন ফাহাদের আইনজীবী হন, তখন শিবির কোন লজ্জায় রাজপথে কর্মসূচি করে? জুলাইয়ের সময় শিশির মনিররা রাজপথে নামেননি। আমার প্রশ্ন, শিশির মনির ফাহাদের হত্যার আসামিদের আইনজীবী হলেন— এ ব্যাপারে জামায়াত কী ব্যবস্থা নিয়েছিল?
তিনি আরও বলেন, দ্বিচারী রাজনীতি জামায়াত-শিবিরের স্বভাব। জামায়াতকে বলব, যদি আবরার ফাহাদকে ধারণ করেন, তাহলে শিশির মনিরকে ধারণ করতে পারেন না। তাকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি করছি।
এসময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- রাশেদ খাঁন
- ঝিনাইদহ
- স্থানীয় নির্বাচন
- বিএনপি