ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ত্বকী হত্যার ১৬৩ মাস পূর্তিতে আলোক প্রজ্বালন

ত্বকী হত্যার ১৬৩ মাস পূর্তিতে আলোক প্রজ্বালন
×
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৮:৫৩

| প্রিন্ট সংস্করণ

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৬৩ মাস পূর্তি এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে আলোক প্রজ্বালন ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। 

সমাবেশে ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনা তাঁর শাসনামলের সাড়ে ১১ বছর ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিলেন। সে সময় ওসমান পরিবার নারায়ণগঞ্জে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল। তখন বিএনপির অনেকে এই ওসমান পরিবারের সহযোগী হয়েছিল। আজকে ঘাতক ওসমান পরিবার পালিয়ে গেলেও কতিপয় বিএনপি নেতা ওসমান পরিবারের হয়ে কাজ করছে। ওসমান পরিবার বিদেশে থেকে এদেরই মাধ্যমেই ত্বকী হত্যা মামলা বিলম্বিত করছে। এরা তদন্তকারী সংস্থাকে বিভিন্নভাবে প্রভাবিত করছে। 

রফিউর রাব্বি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, ‘আপনার দলের কারা ওসমান পরিবারের ছায়া হয়ে কাজ করছে, তা গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর নিন। মামলার ১০৬টি ধার্য তারিখ অতিবাহিত হলেও এখনও অভিযোগপত্র আদালতে জমা দিয়ে বিচারকার্য কেন শুরু করা হলো না? কে বাধা হয়ে দাঁড়াল? তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনি বিচার শুরুর নির্দেশ দিন।’ 
সমাবেশে বক্তারা ত্বকীসহ সাগর-রুনি, তনু এবং নারায়ণগঞ্জে ওসমান পরিবারের সদস্যদের দ্বারা সব হত্যার বিচার দাবি করেন। 

জোটের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সিপিবির জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, বাসদ জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, মহিলা পরিষদের জেলা সংগঠক শাহানারা বেগম প্রমুখ। 
২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ত্বকী। দুদিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন

×