ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

উদ্যোক্তা তৈরির পেছনে থাকা এক কারিগর

উদ্যোক্তা তৈরির পেছনে থাকা এক কারিগর
×
×

ফাইল ফটো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৯:০১ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ১৭:০২

ঐতিহ্যবাহী বস্ত্র খাতের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পে বৈচিত্র্য এনে আলোচনায় এসেছেন তরুণ উদ্যোক্তা মোঃ তকিব হোসেন। 'স্মার্ট লুঙ্গি'র পরিচালনাসহ একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানিমুখী পণ্য তৈরিতে কাজ করছে তাঁর প্রতিষ্ঠান।

২০১৭ সালে পড়াশোনা শেষ করে পারিবারিক ব্যবসায় যুক্ত হন তিনি। তাঁর বাবা প্রয়াত মোঃ জামাল হোসেন ছিলেন স্মার্ট লুঙ্গি ও স্মার্ট সাইজিংয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বাবার রেখে যাওয়া প্রতিষ্ঠান সম্প্রসারণের অংশ হিসেবে পোশাকে নতুনত্ব এনে বাজারে ছাড়া হয় ‘পকেট লুঙ্গি’। শুরুতে উৎপাদন ও বাজারজাতকরণে জটিলতা দেখা দিলেও পরবর্তীতে দেশীয় বাজারের পাশাপাশি পণ্যটি বিদেশেও রপ্তানি শুরু হয়।

টেক্সটাইলের বাইরে কৃষিভিত্তিক খাতেও বিনিয়োগ বাড়িয়েছে এই উদ্যোক্তা প্রতিষ্ঠান। মাত্র ৯টি গরু নিয়ে গড়ে তোলা ‘জেএস এগ্রো ফার্মে’ চার বছরের ব্যবধানে পশুর সংখ্যা একশো ছাড়িয়েছে, যেখানে আধুনিক ডেইরি কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি ‘জেএস সাইজিং মিল’-এর মাধ্যমে স্থানীয় শ্রমিকদের নিয়মিত কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

ব্যবসায়িক পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়ে উদ্যোক্তারা জানান, তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে শুধু একক উদ্যোগ যথেষ্ট নয়; সরকারি নীতি সহায়তা ও সহজ শর্তে অর্থায়ন প্রয়োজন। সৃজনশীল উদ্যোগগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলে দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি করোনাকালে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ, দুর্যোগকালীন সহায়তা এবং অসচ্ছলদের চিকিৎসাসেবা দেওয়ার মতো বিভিন্ন সামাজিক উদ্যোগেও যুক্ত রয়েছে এই প্রতিষ্ঠান। ২০২৫ সালে ২১ জন রোগীর চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।

ব্যবসায়িক কার্যক্রম ও সামাজিক দায়বদ্ধতার জন্য প্রতিষ্ঠানটি ‘এশিয়ান এক্সিলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫’, ‘বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ এবং কৃষি খাতে ‘স্মার্ট এন্ট্রাপ্রেনিউর পুরস্কার ২০২৪’ লাভ করেছে। সততা ও টেকসই সম্পর্ক বজায় রেখে দেশীয় পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

×