যমুনা সার কারখানা
আট মাস পর চালুর এক দিনের মাথায় ফের উৎপাদন বন্ধ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৯:৩৪ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ | ১১:১৫
| প্রিন্ট সংস্করণ
যমুনা সার কারখানায় আট মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার রাতে চালু হয়েছিল ইউরিয়া উৎপাদন। কিন্তু এক দিনের মাথায় বুধবার রাতে ফের বন্ধ হয়ে গেছে। বয়লারে ছিদ্র দেখা দিলে সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত।
যমুনা সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম তালুকদার বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হওয়ার প্রথম দিনেই এক হাজার ৩০০ টন সার উৎপাদনে যেতে সক্ষম হয় কারখানাটি। লক্ষ্যমাত্রা প্রতিদিন এক হাজার ৭০০ টন হলেও উৎপাদন সম্ভব না। কিছু যন্ত্রপাতি পুরোনো দুর্বল হয়ে পড়েছে। ফলে এখন আর প্রতিদিন এক হাজার ৭০০ টন উৎপাদন হবে না। বর্তমানে যে অবস্থায় কারখানা রয়েছে, সেই অবস্থায় প্রতিদিন এক হাজার ৩০০ থেকে এক হাজার ৫০০ টন সার উৎপাদন করা যেতে পারে।
এ বিষয়ে যমুনা কারখানার উৎপাদন বিভাগের প্রধান মো. ফজলুল হক বলেন, বুধবার রাতে হঠাৎ বয়লারে ছিদ্র দেখা দেওয়ায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে মেরামতের কাজ চলছে, মেরামত শেষে ফের উৎপাদনে ফিরবে।
- বিষয় :
- যমুনা
- সার কারখানা