গাংনী সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
শেওড়াতলা সীমান্ত দিয়ে চারজন বাংলাদেশে পুশইনের সময়।
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১৫:৫৪
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে শিশুসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় লোকজনের বাধার মুখে তাদের ভারতে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। শুক্রবার ভোরে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৪/৪-এস-এর কাছে এ ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত পিলার ১৪৪/৪-এস-এর কাছে বিএসএফের ১১ ব্যাটালিয়নের বিজয় মাঠপাড়া ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ, এক নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান। একই সঙ্গে স্থানীয় লোকজনও পুশইনের বিরুদ্ধে অবস্থান নেন।
পরে সকাল সাড়ে ৬টার দিকে বিএসএফ ১০৪ নম্বর গেট দিয়ে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের টহল দল দ্রুত বিষয়টি শনাক্ত করে এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় পুশইনের চেষ্টা প্রতিহত করে।
ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়েও আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভবিষ্যতে অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, গাংনীর শেওড়াতলা সীমান্ত দিয়ে শিশুসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।