ইটভাটার চিমনি ধসে দুই শ্রমিক নিহত, আহত ২
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১৬:১১
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার চিমনির দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
শুক্রবার সকাল ১১টার দিকে হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী এলাকায় মেসার্স মায়ের দোয়া ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ইটভাটায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। সকাল ১১টার দিকে ভাটার উঁচু পাকা চিমনির দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান শ্রমিক গোলাপ মিয়া ও উৎপল মিয়া। আহত হন আন্নাছ মিয়া ও হৃদয় মিয়া।
আহত দুজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের লাশ উদ্ধার করে হোসেনপুর থানার পুলিশ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজ বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ইটভাটার মালিক দক্ষিণ চরপুমদী এলাকার মোফাজ্জল হোসেন সজলের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- ইটভাটা
- শ্রমিক নিহত